শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের আয়োজন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০২:১০ পিএম

শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের আয়োজন

'চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ' এই স্লোগান ধারণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ ও নাঈম হাসান সুজার সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত, একুশের গান, আবৃত্তি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অমর একুশে অনুষ্ঠানমালার উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। 

জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি ড. নিগার চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজীনা ওয়ালী লীনা। একুশের কবিতা আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা শব্দসৈনিক আশরাফুল আলম।  স্বাগত বক্তব্য রাখবেন জোটের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা, দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরশ্রুতি ও কণ্ঠশীলন। একক সঙ্গীত পরিবেশন করেন জয়িতা খান, ফয়জুল বারী ইমু, নাসিমা শাহীন ফেন্সি। একক আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, মাসুদুজ্জামান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। পথনাটক পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায়। 

দ্বিতীয় দিনের আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করবে সপ্তরেখা শিল্পী গোষ্ঠী, দলীয় নৃত্য পরিবেশন করবে দিব্য, দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমি, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, নাটনন্দন সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।

একক সঙ্গীত পরিবেশন করবেন আবু বকর সিদ্দিক, সরদার রহমত উল্লাহ, শ্রাবণী গুহ রায় ও ফকির সিরাজ। একক আবৃত্তি পরিবেশন করবেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, ড. শাহাদাত হোসেন নিপু, তামান্না তিথি ও শিমুল পারভীন।

পথনাটক পরিবেশন করবে নাট্যধারা ও বৃত্ত নাটক দল।

Link copied!