অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের গ্রন্থ ‘সম্পাদকের টেবিল’। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমীন।
সাংবাদিক স্বদেশ রায় কলাম লেখক হিসেবে সুপরিচিত একজন। তিনি দীর্ঘদিন এ দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোয় গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।
দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কলাম লিখছেন তিনি। বিদেশের ১৫ টিরও বেশি সাপ্তাহিক ও দৈনিকে নিয়মিত তাঁর কলাম ছাপা হচ্ছে। তাঁর বিভিন্ন কলাম ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। গালফ নিউজ, দ্য হাফিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যম স্বদেশ রায়ের কলামের বরাত দিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছে। লেখক কবি ও সাংবাদিক স্বদেশ রায় দীর্ঘ চার দশকের বেশি সময় দাপটের সঙ্গে সাংবাদিকতার নানান ক্ষেত্রে কাজ করে চলেছেন। চলচ্চিত্রও তৈরি হয়েছে তাঁর রিপোর্টকে ভিত্তি করে। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতা লিখছেন দীর্ঘদিন ধরে।
৪০০ পাতার ‘সম্পাদকের টেবিল’ বইটিতে রয়েছে ১৯৫ টি বিশেষ বিশেষ লেখা। প্রতিটি লেখার সাথে রয়েছে ইলাস্ট্রেশন। বইমেলায় ২০ নম্বর প্যাভিলিয়নে জিনিয়াস পাবলিকেশন্সে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে রকমারি ডট কম। বইয়ের প্রতিটি লেখা মানুষের চিন্তার দ্বার উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি প্রগতির পথ দেখাবে। লেখাগুলো সম্পাদকীয় হলেও এখনো প্রাসঙ্গিকই নয় বরং চিরকালের মনোজগতের জন্যই এক সম্পদ।