পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ০৫:৫৯ পিএম

পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া

সুইডেন ও ফিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যুক্ত হয় তাহলে রাশিয়াকেও পারমাণবিক অস্ত্র মোতায়েনসহ বাল্টিক অঞ্চলে নিজের প্রতিরক্ষা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেইনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড এবং তার প্রতিবেশী সুইডেন নেটোতে যোগ দেওয়ার চিন্তাভাবনা শুরু করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেটোতে যোগ দেবে কি দেবে না, এক সপ্তাহের মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানান।

এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ বলেন, সুইডেন ও ফিনল্যান্ড নেটোতে যোগ দিলে ওই অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে বাল্টিক সাগরে তার স্থল, নৌ ও বিমান বাহিনীর শক্তি বাড়াতে হবে। রাশিয়া সেখানে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে, স্পষ্ট ভাষায় এ হুমকিও দিয়ে তিনি বলেন, সুইডেন, ফিনল্যান্ড নেটোতে গেলে ‘পরমাণু মুক্ত’ বাল্টিক নিয়ে আর কোনো কথা হবে না।

বাল্টিক সাগরের তীরে অবস্থিত, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে ‘স্যান্ডউইচ’ হয়ে থাকা রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ, মস্কোর জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

Link copied!